রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৩৪ পিএম
রাজারহাটে কৃষক ও শ্রমিকরা জমিতে আগাম আলুর বীজ বপন করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হিমাগারে আলু সংরক্ষণ করে কয়েক বছর লোকসান গুনেছেন। তাই এবার আগাম আলু চাষ করে মৌসুমের শুরুতেই খোলাবাজারে বেচার পরিকল্পনা করেছেন কুড়িগ্রামের রাজারহাটের কৃষক ফজলুল হক মন্ডল।
জানুয়ারির শেষ দিকে নতুন আলু বাজারে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে বর্তমান বাজারদর ও উৎপাদন খরচে এবারও লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া মন্ডলপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নিজের তিন একর জমিতে আগাম আলু রোপণ করছেন ফজলুল হক মন্ডল। আগাম আলু চাষের প্রস্তুতি হিসেবে জমিতে স্বল্পমেয়াদি ব্র্যাক সীডের ‘মুক্তি-১’ জাতের ধান আবাদ করেছিলেন। ধান কাটার পরপরই জমিতে এস্টারিক্স জাতের আলু রোপণ শুরু করেছেন তিনি। পাশাপাশি এলুয়েট জাতের আলু চাষেরও পরিকল্পনা রয়েছে তার।
ফজলুল হক মন্ডল বলেন, গত কয়েক বছর আলু চাষ করে হিমাগারে রাখার পর বেচতে গিয়ে লোকসান হয়েছে। তাই এবার আগাম চাষ করছি। বর্তমানে প্রতি কেজি আলু ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি একরে আলু চাষে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হতে পারে। আশা করছি, আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আলু তুলে সরাসরি খোলাবাজারে বেচতে পারব। নতুন আলুর ভালো দাম পেলে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (মগবর) ১৫ শতাংশ এবং নজরুল ইসলাম মন্ডল ৬০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করেছেন। এ ছাড়া বাজেমুজরাই গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টার আবাদ করেছেন ৭৫ শতাংশ জমিতে।
কৃষকদের আশঙ্কা, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ মিটিয়ে শেষ পর্যন্ত উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা ও তুলনামূলক ভালো দামের আশায় ঝুঁকি নিয়েই আগাম চাষ করছেন তারা।
উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে সার পান, সে লক্ষ্যে মাঠপর্যায়ে তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি আলু চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বাজারে দাম কম থাকায় প্রায় ২ হাজার ৬০০ হেক্টর জমিতে আবাদ হতে পারে। এতে লক্ষ্যমাত্রার তুলনায় ৬০০ হেক্টর কম জমিতে আলু চাষের আশঙ্কা রয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।