প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম
‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তা ও দুটি শাখাকে পুরস্কৃত করা হয়েছে। ব্যক্তিপর্যায়ে দুই কর্মকর্তা এবং শাখাপর্যায়ে দুটি শাখাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মূল্যায়ন অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক হিসেবে মোবাইল ফোন তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম।
কার্নিভাল বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয়, ভেন্যু ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা ও পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণে বিশেষ সাফল্যের জন্য দুই কর্মকর্তাকে এ সম্মাননা দেওয়া হয়। দলগত দক্ষতা ও সেবার মান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে দুটি শাখাকে।
গত ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজন করে।
কার্নিভালে বিচ ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উৎসব, মিউজিক কনসার্ট ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনে দেশি-বিদেশি লাখো পর্যটকের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।