খুলনা অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬ ১৪:১৮ পিএম
বাগেরহাটের কাটাখালিতে বৃহস্পতিবার দুপুরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একদিকে বন্ধ কারখানা চালু ও নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার, অন্যদিকে দেশের বিদ্যমান শিল্পকারখানায় ভাঙচুর চালিয়ে অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করার অপচেষ্টা চলছে।
কারখানায় হামলা, ভাঙচুর ও যন্ত্রপাতি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বলেন, শ্রমিকদের মজুরির দাবিকে সামনে রেখে একটি মহল সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বাগেরহাটের কাটাখালিতে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কলকারখানায় গিয়ে একটি গোষ্ঠী ভাঙচুর করছে। গাড়ি, যন্ত্রপাতি ও কারখানার অবকাঠামো ধ্বংস করছে। অথচ এসব শিল্পপ্রতিষ্ঠান দেশের সম্পদ, শ্রমিকদের সম্পদ। কারখানা বন্ধ বা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন খেটে খাওয়া মানুষ ও শ্রমিক পরিবারের সদস্যরা। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হারানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎও বিপর্যস্ত হবে।
শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ প্রসঙ্গে তারেক রহমান বলেন, শ্রমিকদের দাবি দাওয়া বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই দাবির আড়ালে শিল্পকারখানা ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া যাবে না।
তিনি বলেন, কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। যারা কারখানায় হামলা ও ভাঙচুর করছে, তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করছে না; বরং তাদের জীবিকা ও ভবিষ্যৎ ধ্বংস করছে। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছর যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল, তারাই এখন দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে যাওয়া ওই মহল সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির কলকাঠি নাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, গত ৫০ বছরে দেশে যে শিল্পকারখানা গড়ে উঠেছে, বিশেষ করে গার্মেন্ট শিল্প, তা বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন। বর্তমানে এ খাতে লাখ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে এবং বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই শিল্প ধ্বংস হলে শ্রমিকদের পাশাপাশি দেশের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
তিনি বলেন, সরকার বন্ধ হয়ে যাওয়া সরকারি মিল-কারখানা চালুর পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন দেশ গড়ার ও মানুষের ভাগ্য পরিবর্তনের সময়। শিল্পকারখানা ধ্বংসের অপচেষ্টা প্রতিহত করতে শ্রমিক ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সৌজন্য মতবিনিময় শেষে তিনি কাটাখালিতে যান।