শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৩:০০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬ ১৩:১৫ পিএম
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় থেকে মহাসড়কের আনসাররোড মোড় পর্যন্ত শ্রীপুর পৌর ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় থেকে মহাসড়কের আনসাররোড মোড় পর্যন্ত শ্রীপুর পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেন।
শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই, হৈ হৈ-রৈ রৈ-আওয়ামী লীগ গেল কই, হৈ হৈ-রৈ রৈ-যুবলীগ গেলো কই, হৈ হৈ-রৈ রৈ-ছাত্রলীগ গেলো কই, আওয়ামী লীগের গোন্ডারা, হুশিয়ার সাবধান, বাড়াবাড়ি করিস নারে-পিঠের চামড়া রাখবো নারে, রাজপথে নামিস নারে-পিঠের চামড়া রাখবো নারে এসব স্লোগান দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, আবুল হাসেম, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক বাচ্চু প্রধান, লেয়াকত আলী, বিএনপি নেতা নুরুজ্জামান, মফিজ উদ্দিন, পৌর যুবদল নেতা রাসেল খান, যুবদল নেতা শ্যামল, মারুফ, ওয়ার্ড কৃষকদলের সভাপতি আলম, কৃষকদল নেতা হিরণ, যুবদল নেতা সোহেল, রাকিব, ছাত্রদল নেতা আমিনুল, ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম রিয়াদ, ছাত্রদলের সদস্য রাদি, মাসুদ, ফয়সাল প্রমুখ।