গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১২:৩০ পিএম
গাজীপুরের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকদিনের চরম অসন্তোষের পর শান্ত পরিবেশ ফিরে এসেছে।
বৃহস্পতিবার
সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর
ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর এবং সালনা এলাকায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে
নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
শিল্পাঞ্চলের
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫
প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন
বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি রয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের
সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর শিল্প
পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের
সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যায়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের
আইনশৃঙ্খলা রক্ষা করতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
যৌথ বাহিনীর কঠোর উপস্থিতি পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।
এর আগে ন্যূনতম
মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো
তালিকাভুক্তি বন্ধের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক বিক্ষোভ
ও সংঘাত ছড়িয়ে পড়েছিল।