× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের জর্জিয়া স্টেট সিনেটে বাজিতপুরের শেখ রহমান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১২:১২ পিএম

শেখ মুজাহিদুর রহমান চন্দন। ছবি: সংগৃহীত

শেখ মুজাহিদুর রহমান চন্দন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সাধারণ নির্বাচনে তার বিপরীতে কোনো প্রার্থী না থাকায় পুনরায় সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

তার এই অর্জনে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামেও ছড়িয়ে পড়েছে আনন্দ ও গর্বের অনুভূতি।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের এমন সাফল্যে গর্বিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। স্থানীয়দের কাছে শেখ রহমান এখন শুধু একজন সফল রাজনীতিক নন, বরং বাজিতপুরের পরিচিতি ও সম্মান তুলে ধরা একজন গর্বিত সন্তান।

তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের মতো বহুজাতিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমের এভাবে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য অর্জন।

শেখ মুজাহিদুর রহমান চন্দন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তার বাবা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের ঐতিহ্য বহন করা সেই পরিবারের সন্তান শেখ রহমান আজ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ মুজাহিদুর রহমান চন্দন। প্রবাসজীবনের শুরুতে নতুন পরিবেশ, ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজের শিক্ষাজীবন এগিয়ে নেন। পরবর্তী সময়ে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজনীতিতে তার পথচলার উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় ২০১৮ সালে। ওই বছর প্রথমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি লাভ করেন শেখ রহমান। তার এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর থেকে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।

এবারের নির্বাচনে তার পুনর্নির্বাচনের পথ তৈরি হয় ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনের মধ্য দিয়ে। গত ১৯ মে অনুষ্ঠিত দলীয় প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট। ভোটের ব্যবধানে এগিয়ে থেকে দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর সাধারণ নির্বাচনে তার বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

জর্জিয়া স্টেট সিনেটের নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, ৫ নম্বর আসনে সাধারণ নির্বাচনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। ফলে আবারও স্টেট সিনেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক।

শেখ রহমানের পুনর্নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর বাজিতপুরের সরারচরসহ উপজেলার বিভিন্ন এলাকায় তার স্বজন ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, কয়েক হাজার মাইল দূরে থেকেও নিজের শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি। এলাকার মানুষের খোঁজখবর নেওয়া এবং জন্মস্থানের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টিও তাদের কাছে প্রশংসনীয়।

স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, ‘আমাদের বাজিতপুরের সন্তান শেখ রহমান আবারও আমেরিকার সিনেটর নির্বাচিত হয়েছেন, এ খবর শুনে খুব ভালো লাগছে। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বিশেষ করে আমাদের এলাকার নাম উজ্জ্বল করছেন। তার এই অর্জনে আমরা গর্বিত। এলাকার মানুষ তার সাফল্যে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, তিনি ভবিষ্যতেও এভাবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখুন। এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনিও আমাদের খোঁজখবর নেন। বিদেশে থেকেও নিজের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমাদের ভালো লাগে।’

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় আমার চাচাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে সেখানে এই অর্জন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং একটি কাজ। তিনি সেই কঠিন কাজটি সফলভাবে করে আসছেন। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘তার জন্য আমাদের পরিবার এবং পুরো এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে তিনি আরও বড় ও গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। তার এই সাফল্যে আমরা গর্বিত।’

এর আগে ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান। ধারাবাহিকভাবে নির্বাচনে জয় ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জর্জিয়ার রাজনীতিতে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা