× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধিতা কাটিয়ে স্বপ্নপূরণের সংগ্রাম

এহসানুল হক সুমন, রংপুর

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ০৯:১৩ এএম

মুখের সাহায্যে ল্যাপটপে কাজ করছেন শারীরিক প্রতিবন্ধী উজ্জ্বল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুখের সাহায্যে ল্যাপটপে কাজ করছেন শারীরিক প্রতিবন্ধী উজ্জ্বল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নে বাস বহুমাত্রিক প্রতিবন্ধী জোবায়ের হোসেন উজ্জ্বলের। ছোটবেলা থেকেই তার হাত-পা অকেজো, ঠিকমতো কথাও বলতে পারেন না। তবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার।

মুখ দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করেছেন উজ্জ্বল। বর্তমানে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। বিছানায় শুয়ে মুখ দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টানো, কলম দিয়ে খাতায় লেখা এবং কাঠি দিয়ে ল্যাপটপ ও মোবাইল চালাতে পারেন তিনি। শিখেছেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ অনলাইনে নানা কাজ। তার স্বপ্ন, কারও বোঝা না হয়ে সরকারি চাকরি করা।

তার অদম্য ইচ্ছাশক্তি যেন শত প্রতিকূলতাকে হার মানিয়েছে। তাই উজ্জ্বল শিক্ষার্থীদের কাছে হয়েছেন অনুকরণীয়-অনুসরণীয়। সচেতন মহলের মতে, উজ্জ্বলের মতো মেধাবী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবে বহুদূর।

উজ্জ্বলের বাবা-মার সাথে আলাপচারিতায় জানা যায়, কৃষক বাবা জাহিদ সরোয়ারের তৃতীয় সন্তান উজ্জ্বলের বহুমাত্রিক প্রতিবন্ধিতা ধরা পড়ে ছোটবেলায়। তাকে নিয়ে টানা ১০ বছর চিকিৎসক, কবিরাজ ও থেরাপিস্টের কাছে ছুটেছেন। চিকিৎসায় মুখ দিয়ে লালা ঝরা বন্ধ হওয়া ছাড়া শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

ছোটবেলায় ছোট বোনকে পড়ানোর সময় পাশে বসে শুনে শুনে পড়া রপ্ত করতেন উজ্জ্বল। বিষয়টি বুঝতে পেরে তার বাবা তাকে স্কুলে ভর্তি করান। পরীক্ষার সময় কোলে করে স্কুলে নিয়ে যেতেন বাবা। পরীক্ষাকেন্দ্রে শুয়ে মুখ দিয়ে খাতায় লিখতেন উজ্জ্বল। এভাবে স্থানীয় শেরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৩৩ পান তিনি। পরে বালারহাট আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ৫৮ অর্জন করেন।

তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকলেও ভর্তির সুযোগ হয়নি উজ্জ্বলের। শেষ পর্যন্ত বাড়ির কাছের বালারহাট আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে ডিগ্রি কোর্সে ভর্তি করা হয় তাকে। শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সম্মানজনক পেশায় নিজেকে নিযুক্ত করাই এখন স্বপ্ন তার। ভাঙা ভাঙা কণ্ঠে উজ্জ্বল বলেন, আমি লেখাপড়া করে চাকরি করতে চাই। কারও বোঝা হয়ে থাকতে চাই না।

উজ্জ্বলের বাবা জাহিদ সরোয়ার বলেন, অনেক কষ্টে ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছি। সরকার আমাদের পাশে দাঁড়ালে উজ্জ্বলের স্বপ্নকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। মা উম্মে কুলসুম বেগম বলেন, আমার ছেলে ল্যাপটপ ইঞ্জিনিয়ার হতে চায়। তাকে ইঞ্জিনিয়ার হতে দেখে যেতে পারলে আমরা শান্তিতে মরতে পারব।

রংপুর সমাজসেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুসরাত ফাতেমা বলেন, উজ্জ্বলের মতো মেধাবীর স্বপ্ন পূরণে আমরা তার পাশে আছি। প্রতিবন্ধী ভাতা যেহেতু সে পাচ্ছে, তাই তার পরিবার আমাদের কাছে আবেদন করলে আমরা লেখাপড়ার জন্য এককালীন অর্থ বরাদ্দ করার চেষ্টা করব। 

রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর মানুষকে পেছনে রেখে রাষ্ট্র এগোতে পারে না। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এমন মেধাবীদের পাশে দাঁড়ালে তারা পরিবারের বোঝা না হয়ে জনসম্পদে পরিণত হবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা