× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি নিবন্ধন

খুলনা অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:২২ পিএম

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজারের বেশি প্রতিযোগী। প্রথম আসরে নিবন্ধনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। এবারের আসরে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

তিনি বলেন, নতুন কুঁড়ির আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি করবে। তরুণদের সঠিকভাবে পরিচালনা ও পরিচর্যা করতে পারলে তারা বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবে। খুলনার স্পোর্টস সিটি হিসেবে পরিচিতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম খুলনা সফর ঘিরে নগরীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে উল্লেখ করে হুইপ বলেন, খুলনা অঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে খুলনার অগ্রগতি জড়িত। প্রধানমন্ত্রী বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, স্কুল-কলেজের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছর এক হাজার ইউনিয়নে মাঠ তৈরির উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে। চলতি অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান বলেন, জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল খুলনায় এসে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি জেটি উদ্বোধন ও সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রমে অংশ নেবেন। 

প্রেসব্রিফিংয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। এতে হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা