ছাতক (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২১:৫৮ পিএম
ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার জালালিরচর ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার একটি ফুটবল ম্যাচের হার-বিজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে সংঘবদ্ধ হন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালীচর গ্রামের বাসিন্দা ও চরমহল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, রেফারি খেলায় বেশি সময় দেওয়া নিয়ে গত মঙ্গলবার খেলার মাঠে ঝামেলা হয়েছিল। পরে আমরা রাতে পাইগাঁও গ্রামে বিষয়টি সালিশে নিষ্পত্তি করি। কিন্তু রাতেই চরচৌরাই গ্রামের সায়েম মিয়ার দোকান ভাঙচুর-লুটপাট ও সায়েমসহ কয়েকজনকে মারধর করা হয়। এ নিয়ে আজ দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।