পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২১:১৮ পিএম
পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের অন্ধকারে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে বিএসএফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের অন্ধকারে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকজনকে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে সীমান্ত এলাকার বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন। পরে খবর ছড়িয়ে পড়লে অনেকে দলবদ্ধ হয়ে সীমান্তে জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা এবং কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয় বাংলাদেশিরা চিৎকার শুরু করেন। পরে বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে লাঠিসোটা হাতে সীমান্তে অবস্থান নেন তারা। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা আবার সার্চলাইট জ্বালাতে বাধ্য হন।
বিজিবি জানায়, এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছেন, সীমান্তে ধবলসুতী বিওপির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।