পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৮ পিএম
পটুয়াখালীতে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় দিবসটি পালনে প্রয়োজনীয় প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এতে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
সভায় জেলার কয়েকটি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হয়। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতিকে দায়িত্ব পালনে অবহেলা হিসেবে দেখছেন উপস্থিত ব্যক্তিরা। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সব দপ্তরের সমন্বিত অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন এবং সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে।