দিরাই (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ২১:১৩ পিএম
দিরাইয়ে প্রেম করে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম করে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে মাটিয়াপুর গ্রামের জাকারিয়া (১৮), রিপা বেগম (১৯) ও মাহি সর্দার (২০) এবং হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬৩) ও রহিম উদ্দিন (৭৫) গুরুতর আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সঙ্গে প্রতিবেশী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে হলিমপুরের ওই কিশোরী মাটিয়াপুর গ্রামের রমজান মিয়ার সঙ্গে পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রামের স্বজন ও স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
এ সময় বিয়ের প্রস্তুতি ও আলোচনা চলাকালে কাবিনের টাকা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।