ছাতক (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:১৬ পিএম
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই যেন অনিয়মগুলো চোখ রাঙাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই যেন অনিয়মগুলো চোখ রাঙাচ্ছে। কর্তৃপক্ষ এখনই বিষয়টি গুরুত্ব না দিলে সরকারের প্রায় পৌনে দুইশ কোটি টাকা পানিতে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল) সড়ক প্রশস্তকরণ, আধুনিকায়নের কাজ শুরু করেছে প্রায় এক মাস আগে। গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা সেতুর চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে ২ লেন ও সেখান থেকে ছাতকবাজার পর্যন্ত ৪ লেনের কাজ চলছে। দুই অংশে কাজের জন্য ব্যয় হচ্ছে ১৭৪ কোটি টাকা।
সড়কের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য মাধবপুর লালপুল এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরির টার্গেট নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। ইতোমধ্যে শারফিন টিলার মরা লাল পাথরের সঙ্গে বিল্ডিং ভাঙার কংক্রিট, নিম্নমানের বালি ও সিমেন্ট দিয়ে ২০ হাজার ব্লক তৈরির অভিযোগ উঠেছে। এ ছাড়া সড়ক সম্প্রসারণে কাদাযুক্ত মাটি দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সড়কের পাশে ময়লার ওপর ভিটমাটি দিয়ে কাজ করা হচ্ছে। এসব কাজের তদারকি কিংবা কোনো সাইনবোর্ড নেই। ব্লক তৈরির কাজে জড়িত শ্রমিকরা বলছেন, ঠিকাদারের নির্দেশনা মতেই তারা কাজ করছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল এর ডিপিএম, গোবিন্দগঞ্জ-ছাতক সুরমা সেতুর চত্বর পর্যন্ত ২ লেন কাজের সাইট ইঞ্জিনিয়ার সজল হাওলাদার বলেন, যে পাথর আছে তা দিয়েই কাজ চলছে এবং প্রতিনিয়ত পানি দিয়ে ধুয়া হচ্ছে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ব্লক তৈরির বিষয়ে বলেন, ভোলাগঞ্জের কোয়ারি বন্ধ, এছাড়া সুনামগঞ্জে সাদা পাথর না পাওয়ায় শারফিনের পাথর দিয়ে ব্লক তৈরি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতের বেলায় পাথর এলে পরদিন সকালে ওয়াশ করে এই পাথর ব্লক তৈরির কাজে লাগানো হয়ে থাকে।