মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম
মাধবপুর উপজেলার নোয়াপাড়া আলহাজ এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া আলহাজ এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন এবং তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। মন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিমন্ত্রী বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল অ্যাগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের বাগান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান, ভূমি কর্মকর্তা মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।