× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনাবাসীর ৪ প্রত্যাশা

খুলনা অফিস ও বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনাবাসীর ৪ প্রত্যাশা

একদিকে বন্ধ কলকারখানার দীর্ঘশ্বাস, অন্যদিকে কর্মসংস্থানের অভাবে হতাশ তরুণরা। একসময় পাট ও হিমায়িত খাদ্য রপ্তানিতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা খুলনা এখন শিল্পের স্থবিরতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তারে বিপর্যস্ত।

অথচ এ অঞ্চলে রয়েছে চিংড়ি শিল্প, মোংলা বন্দর ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিপুল সম্ভাবনা। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে যার বড় অংশই কাজে লাগানো যাচ্ছে না। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নগরবাসীর প্রত্যাশা, এবার কথার বাইরে গিয়ে খুলনার অর্থনীতি পুনরুজ্জীবনে আসবে কার্যকর উদ্যোগ।

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন তিনি। এদিন বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন শেষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশের বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরে আনতে চায় নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, এই মুহূর্তে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। এখন দরকার খুনোখুনি ও চাঁদাবাজি বন্ধ করে খুলনাকে বাসযোগ্য করা, শান্ত করা। তার মতে, শিল্পনগরী খুলনার অতীত গৌরব ফিরিয়ে আনতে হলে আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক এখন নগরীর বড় সমস্যা। এসব নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তরিকুল ইসলাম জহির বলেন, একসময়ের শিল্পনগরী খুলনা এখন অনেকটা ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। কারখানা বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও মাদকের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি বলেন, দ্রুত কর্মসংস্থান বাড়াতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে চিংড়ি জোন ঘোষণা করে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়া, বন্ধ কলকারখানা চালু এবং মোংলা বন্দরে বিদেশি জাহাজের আগমন বাড়ানো প্রয়োজন। পাশাপাশি খানজাহান আলী বিমানবন্দর কার্যকরের উদ্যোগ চান তারা। 

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনাবাসীর প্রত্যাশা, শিল্পের পুনর্জাগরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। চিংড়ি শিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানো, মোংলা বন্দরের উন্নয়ন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নগরীতে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে খুলনাকে আবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।

বিভাগীয় প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে বিশেষ তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। 

হজরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী : এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কন্টেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা ১১টার দিকে সড়কপথে বাগেরহাটে যাবেন। সেখানে তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা