কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৩৮ পিএম
কয়রার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে 'উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, বনজীবীদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতসহ দস্যুদের নেপথ্য পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে 'উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনপারের জেলে, বাওয়ালী, মৌয়াল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের কয়েক’শ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন-এর সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা আ. ব. ম. আব্দুল মালেক।
সভাপতির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, সুন্দরবনকে যেকোনো মূল্যে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে হবে। বনজীবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বনে নির্বিঘ্নে জীবিকা নির্বাহের উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।
আব্দুল মালেক বলেন, শুধু মাঠের সাধারণ দস্যুরাই নয়, তাদের নেপথ্যের মূল পৃষ্ঠপোষকদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সুন্দরবনকে কখনোই পুরোপুরি নিরাপদ করা সম্ভব নয়।
মানববন্ধনে বনজীবী মুছানুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত চরম আতঙ্ক ও জীবনঝুঁকি নিয়ে সুন্দরবনে প্রবেশ করি। দস্যুদের নানা অত্যাচার, চাঁদাবাজি ও হয়রানির কারণে আমাদের পরিবার সবসময় দুশ্চিন্তায় থাকে। আমরা বনদস্যুদের চিরতরে নির্মূল এবং আমাদের পেশা ও জীবনের পূর্ণ নিরাপত্তা চাই।
মানববন্ধনের অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সুন্দরবন ও উপকূল সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা পরিষদ সদস্য এম আনোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কাঁকড়া সমবায় সমিতির সেক্রেটারি আসাদুল ইসলাম, কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের উপজেলা সেক্রেটারি আজিজুল ইসলাম আজু, যুবদল নেতা সাব্বির হোসেন প্রমুখ।