খুলনা অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:২২ পিএম
ফাইল ছবি
খুলনার আদালতপাড়ায় আলোচিত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যা মামলায় ১১ মাস ৪ দিনে ১৩ আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেনÑ এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্বশত্রুতার জেরে এ দুই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। বুধবার আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনার আদালতে আসেন শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।