× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁকখালী নদী পুনরুজ্জীবিত করতে ১৩ প্রস্তাব

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৯ পিএম

কক্সবাজারে একটি অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত বেলার সভায় কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে একটি অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত বেলার সভায় কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী পুনরুজ্জীবিত করতে ১৩টি প্রস্তাব তুলে ধরেছে নানা শ্রেণিপেশার মানুষ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘দখল ও দূষণে বিপর্যস্ত বাঁকখালী নদী : আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজারে একটি অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।

সভায় তুলে ধরা প্রস্তাবগুলো হলোÑ নদী মূল ও বর্তমান প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণ করা, সীমানার মধ্যে থাকা সব দখলদারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে উচ্ছেদ চালানো ও পরবর্তী সময়ে তার ওপর নজরদারি ও ফলোআপ করা, সব দূষণের উৎস বন্ধ করা এবং দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কঠোরভাবে নদী সংলগ্ন পাহাড়কাটা বন্ধ করা, নদী তীরে বা নিকটবর্তী স্থানে তামাক চাষ বন্ধ করে দিতে হবে, নদীর কোনো জায়গা ইজারা দেওয়া যাবে না এবং ইতঃপূর্বে নদীর জায়গা ইজারা দেওয়া থাকলে তা বাতিল করা, দুই তীরে উপকূলীয় বন সংরক্ষণ করা ও ক্ষয় বন দেশীয় প্রজাতির বৃক্ষ দ্বারা বনায়নের মাধ্যমে ফিরিয়ে আনা, নদীতে থাকা রাবার ড্যাম অপসারণ করা, পরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে নদীর আগের গভীরতা ও প্রসারতা ফিরিয়ে আনা, ডক ইয়ার্ডের স্থান পরিবর্তন, কস্তুরাঘাট থেকে ময়লার ভাগাড় এর স্থান পরিবর্তন করা, বাঁকখালী নদীর তীরে অবৈধ রিসোর্ট গড়ে উঠতে না দেওয়া, বাঁকখালীর রামু অংশের বালুমহালের ইজারা বাতিল করা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার লিগ্যাল কো-অর্ডিনেটর এস হাসানুল বান্না। তিনি বলেন, বেলা কর্তৃক দায়ের করা জনস্বার্থমূলক মামলার রায়ে হাইকোর্ট বিভাগ গত বছরের ২৪ আগস্ট বাঁকখালী নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা এবং দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। কিন্তু বাঁকখালী নদীর প্রধান সংকট হিসেবে নদীর সীমানা চিহ্নিত না করা, অবৈধ দখল ও দূষণকে চিহ্নিত করেন। বাকঁখালী নদীতে বারবার অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদে রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা ছিল না।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, ৬৯ কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদী বান্দরবান জেলার পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়ে কক্সবাজার সদর উপজেলার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে গিয়ে পড়েছে। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পর্যটন নগরী কক্সবাজার শহরের প্রধান নদী হিসেবে বাঁকখালী নদীর অবদান বহুমাত্রিক। কক্সবাজার থেকে টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া যাতায়াতের প্রধান পথই ছিল এ বাঁকখালী নদী। প্রাকৃতিক দুর্যোগকালে বিভিন্ন এলাকার শত শত জাহাজ, ট্রলার এ নদীতে আশ্রয় নিত। বাঁকখালী নদীর দুই পাড়ে অবস্থিত উপকূলীয় বনের সবুজ বেষ্টনী আশপাশের জনবসতিকে রক্ষা করে আসছিল সব প্রাকৃতিক দুর্যোগ থেকে।

আলোচনা সভার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, মানবসৃষ্ট বিপর্যয়ের জ্বলন্ত উদাহরণ এ বাঁকখালী নদী। তিনি বলেন, নদী রক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয় যে প্রকল্প গ্রহণ করেছে সে বিষয়ে জনপরিসরে ব্যাপকভাবে আলোচনা হওয়া উচিত। আলোচনা সভায় পরিবেশ সংগঠক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা