ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৬ পিএম
ফেনী সদর উপজেলা পরিষদের হলরুমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
তিনি বলেছেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ভেজালমুক্ত, দূষণমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বুধবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সুলতানা নাসরিন কান্তা বলেন, একটি জাতিকে মেধাবী ও সুস্থভাবে গড়ে তুলতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য গ্রহণের ফলে নানা রোগের ঝুঁকি তৈরি হয়। বাধাগ্রস্ত হতে পারে মানুষের শারীরিক ও মানসিক বিকাশও। তাই কোন খাবার পুষ্টিকর, কোনটি ভেজাল বা দূষণমুক্ত-সে বিষয়ে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ধারণা দিতে হবে। সরকারের নিরাপদ খাদ্যবিষয়ক উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়নেও সবাইকে এগিয়ে আসতে হবে।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামছুল আরেফিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের খাদ্যের গুণগত মান, পুষ্টিগুণ এবং ক্ষতিকর জীবাণু ও রাসায়নিকের প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা তৈরি করা সম্ভব।
শিক্ষা পরিদর্শক নাছির উদ্দীন আশ্রাফী বলেন, শিক্ষার্থীরা দিনের দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে কাটায়। এ সময় অনেকেই বিদ্যালয় বা কলেজের আশপাশ থেকে নিম্নমানের, ভেজালযুক্ত ও পুষ্টিহীন খাবার কিনে খায়। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি কার্যকর তদারকি প্রয়োজন।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন। এতে ফেনী সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।