নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১২ পিএম
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আট ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, পিকআপচালক নিজেই ছিনতাইয়ের পরিকল্পনায় জড়িত ছিলেন।
বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযানে নামে মহাদেবপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যৌথ অভিযানে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহাদেবপুরের ঈশ্বরলক্ষীপুর গ্রামের রবিন (২৫), বর্তমানে উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায় বসবাস করেন। তিনি উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক। অপরজন রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের মুন্না (২৪)। অপরজন পিকআপের চালক ডিমজাউন গ্রামের সোহেল রানা (২৫)। মুন্নার বিরুদ্ধে একটি চুরিসহ আরও দুটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাঘববাড়িয়া গ্রামের আব্দুল আলিম মহাদেবপুর উপজেলা সদরে সরকারি গোডাউনের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করে আসছেন। মঙ্গলবার তার দোকানের ব্যবস্থাপক ও চাচাতো ভাই মজনু মিয়া এবং পিকআপচালক সোহেল রানা বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রি করে পাওয়া ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে চৌদ্দমাইল ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা চালক সোহেলকে ও মজনু মিয়াকে মারধর করে সকল টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত মজনু মিয়াকে উন্নত চিকিৎসায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে নির্দেশ দেন। অভিযানে প্রথমে মুন্নাকে রামচন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পরে মুন্নার দেওয়া তথ্যমতে রবিনকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের বাড়ি থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া পিকআপচালক সোহেল রানাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন পিকআপচালক সোহেল রানা ও মুন্না। আর ছিনতাইয়ে প্রধান ভূমিকা পালন করেন রবিন। তারা গত এক সপ্তাহ ধরে এ ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।