শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:৩৯ পিএম
প্রতিকী ছবি
শ্রীনগর উপজেলার মধ্য কামাগাঁও ঋষিবাড়ির পাশে একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত জানান, মরদেহের সঙ্গে পাওয়া মানিব্যাগে রক্ষিত একটি চারিত্রিক সনদের সূত্রমতে নিহত ব্যক্তির নাম হৃদয় হোসেন। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে। বিষয়টি টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলে জানা যায় নিহত হৃদয় হোসেন সাঁতার জানতেন না। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।