রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৫৪ পিএম
রাজারহাটে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের অপসারণ ও তার করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের অপসারণ ও তার করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
বুধবার সকালে উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রধান ফটকের সামনে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন সাদেকুল ইসলাম, নুর আলম সিদ্দিকী, সালমান ফারসী সরদার, বায়োজীদ বোস্তামী সরকার, মানিক সরকার প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াÑ এই চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করা হচ্ছিল। এর প্রতিবাদে গত ৪ অক্টোবর এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানকে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ৯ অক্টোবর রাজারহাট থানায় মামলা করেন তিনি। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
তবে আন্দোলনকারীদের দাবি, ওই ঘটনায় অনেক নিরপরাধ ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে। মামলার কারণে এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।