সুফল চাকমা, বান্দরবান
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৫০ পিএম
জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকার ১৫গ্রামের মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নিÑ যার ফলে ১৫টি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ চরম দুর্ভোগ আছেন। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেড়ে গেলে বন্ধ হয়ে যায় পারাপার, বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের জনপদ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও সেখানে নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা। ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন নানা প্রয়োজনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। এ অবস্থায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পদ্ম ঝিরির খুম পারাপারের স্থানে একটি টেকসই সাঁকো অথবা স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, পদ্ম ঝিরির খুম পারাপারের পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে নেই কোনো স্থায়ী সেতু কিংবা টেকসই সাঁকো। যুগের পর যুগ ধরে স্থানীয় বাসিন্দারা এই পথকেই যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন। প্রতিবছর শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো নির্মাণ করে থাকে। তবে বর্ষায় পানির স্রোত বেড়ে গেলে সেই সাঁকো দিয়ে চলাচলও বিপজ্জনক হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পারাপার হতে হচ্ছে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষকে।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অর্থসংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে সেখানে টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে অন্তত ১৫ গ্রামের দেড় হাজার মানুষকে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে পদ্ম ঝিরির খুম পারাপারের স্থানে একটি ২৫০ ফুট স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। এজন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) থানচি উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে সরেজমিন এলাকা পরিদর্শন করে আগামীতে প্রকল্পের বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।