জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৪৭ পিএম
জীবননগরের আনসারবাড়িয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু ও উন্নয়নের দাবিতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু ও উন্নয়নের দাবিতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশ নেয়। এতে খুলনার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।
আনসারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে আয়োজিত কর্মসূচিতে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে রাখা হয়। একই সঙ্গে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
অবরোধকারীদের তিন দফা দাবি হলোÑ স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক প্লাটফর্ম ও বিশ্রামাগার নির্মাণ এবং ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি নিশ্চিত করা।
বিক্ষোভকারীরা জানায়, স্টেশনটি আশপাশের কয়েকটি ইউনিয়নসহ চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে ২ নম্বর লাইনে ট্রেন থামায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ওঠানামায় দুর্ভোগ পোহাতে হয়। ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন চালুর দাবিতে স্থানীয়রা রূপসা এক্সপ্রেস আটকে রেখে আন্দোলন করেন। চুয়াডাঙ্গা সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। চলাচল স্বাভাবিক হলেও আপ-ডাউন ট্রেনের সময়সূচি স্বাভাবিক হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে।