গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১০:১২ এএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে রয়েছেন জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচলও স্বাভাবিক রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার সকাল ৬টা থেকে তারা মাঠে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১২ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। বুধবার বিজিবির পাশাপাশি এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, “আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দায়িত্ব পালন করছেন তারা”।
এর আগে কয়েক দিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং কারখানার গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
এ ছাড়া বাংলাবাজার এলাকায় বিক্ষোভের সময় মুঠোফোনে ভাঙচুরের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে তৌফিক নামের এক শ্রমিক মারধরের শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।