মহাদেবপুর থানা।
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই ব্যক্তি। তাদের কাছ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মারধর করে আহত করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আব্দুল আলিমের চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল।
তাদের উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মন্ডলের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলার পাশে একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।
জানা গেছে, দোকানের ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে বগুড়া থেকে মহাদেবপুরে ফিরছিলেন মজনু ও সোহেল। পথে তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তাদের পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে সেখানে আসে ছিনতাইকারীরা। তারা মজনু ও সোহেলকে মারধর করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
পরে তাদের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করেন। এরপর তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দোকানের মালিক আব্দুল আলিম বলেন, “আমার দোকানের ভাঙ্গারি বিক্রি করে দোকানের ম্যানেজার ও পিকআপ চালক টাকা নিয়ে আসতেছিল। ঘটনাস্থলে এলে তাদের কাছে থেকে টাকাগুলো দুর্বৃত্তরা ছিনিয়ে নেয়।”
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।