নিহত শিক্ষার্থী মাইশা মুশ্রীফাত ও তার মোবাইলের কভার।
মোবাইল ফোনের কভারে লেখা ‘Death like autumn leaves’। অর্থাৎ, শরতের ঝরা পাতার মতো মৃত্যু। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশ্রীফাতের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি মোবাইল কভারের ছবি। কভারে লেখা কথাগুলো নতুন করে আবেগতাড়িত করেছে অনেককে।
উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ট্রে বার্ডস’ কাব্যগ্রন্থের বিখ্যাত পঙ্ক্তি- ‘লেট লাইফ বি বিউটিফুল লাইক সামার ফ্লাওয়ারসে অ্যান্ড ডেথ লাইক অটাম লিভস’। পঙ্ক্তিটির ভাবার্থ, জীবন গ্রীষ্মের ফুলের মতো সুন্দর হোক, আর মৃত্যু হোক শরতের ঝরা পাতার মতো।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে যায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী বাসটির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশ্রীফাত। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরি পাশাপাশি চলার সময় একটি লরি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়েন তিন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাইশাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।