কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৮:০০ পিএম
ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সুন্দরবনে বনদস্যু ‘সাত্তার বাহিনী’র কবল থেকে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় মুক্তিপণের উদ্দেশ্যে জেলেদের জিম্মি করে রাখার খবর পায় কোস্ট গার্ড। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর চারটায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী যৌথ অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা থানার বাসিন্দা জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)।
এদিকে অপর এক তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে আরেকটি ডাকাত দল খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও কোস্ট গার্ড স্টেশন নলিয়ান ওই এলাকায় যৌথ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবারের বন্দুকের গোলা এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা ও ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।