এইচএসসির মেধাবী মুখ
শাহিনুর সুজন, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৪:২১ পিএম
এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া আয়েশা আক্তার তোয়া ও খাদিজা আক্তার তানহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। শৈশব থেকে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা, একই কলেজে যাওয়া, জীবনের প্রতিটি অধ্যায় যেন এক সুতোয় গাঁথা। অভাবের সংসারে কখনো একটি বই ভাগাভাগি করে, কখনো একে অপরের সাহস হয়ে পড়াশোনা চালিয়ে গেছেন তারা।
সেই অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের স্বীকৃতিও মিলেছে একসঙ্গে। এসএসসি ও এইচএসসি, দুই পরীক্ষাতেই অর্জন করেছেন জিপিএ-৫। তাদের চোখে এখন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, আর বুকভরা প্রত্যাশা, একদিন বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সরকারি কলেজের শিক্ষক হবে দুই বোন।
তারা হলেনÑ আয়েশা আক্তার তোয়া ও খাদিজা আক্তার তানহা। রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের এই যমজ বোনের সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকাবাসী। কিন্তু সাফল্যের আনন্দের আড়ালেই জমেছে অনিশ্চয়তার মেঘ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কোচিং, বই কেনা, থাকা-খাওয়া উচ্চশিক্ষার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য নেই দরিদ্র পরিবারটির। ফলে মেধা ও স্বপ্ন থাকলেও অর্থের অভাবে মেয়েদের ভবিষ্যৎ থমকে যাবে কি না, সেই শঙ্কায় দিন কাটছে বাবা-মায়ের।
তোয়া ও তানহা উপজেলার আস্করপুর গ্রামের তুফান আলী ও সালমা বেগম দম্পতির মেয়ে। সরদহ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছে। এর আগে এসএসসি পরীক্ষাতেও একই ফল অর্জন করেন তারা। একই শ্রেণিতে পড়াশোনা করায় অনেক সময় একটি বই দিয়েই দুজনকে প্রস্তুতি নিতে হয়েছে। সামর্থ্যের সীমাবদ্ধতা তাদের বই আলাদা করে দেয়নি, বরং একই বইয়ের পাতায় গড়ে উঠেছে দুটি স্বপ্ন।
তাদের বাবা তুফান আলী পেশায় একজন রডমিস্ত্রি। তিন মেয়ে ও স্বামী-স্ত্রী মিলে পাঁচ সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়ির সামান্য ভিটা ছাড়া পরিবারের কোনো জমিজমা নেই। রডমিস্ত্রির কাজ করে প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই চলে সংসারের খাবার, পোশাক ও সন্তানদের পড়াশোনার খরচ। কোনো দিন কাজ থাকে, কোনো দিন থাকে না। তবু মেয়েদের পড়াশোনা বন্ধ হতে দেননি তিনি। নিজের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, তা দিয়েই সন্তানদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।
রবিবার সরেজমিনে আস্করপুর গ্রামে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট মাটির বাড়িতে পরিবারের বসবাস। আর্থিক সচ্ছলতার কোনো বাহ্যিক চিহ্ন নেই সেখানে। কিন্তু ঘরের অভাব-অনটনের বিপরীতে দুই বোনের চোখে রয়েছে বড় হওয়ার স্বপ্ন। তাদের কথায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিতে চায় তারা। সরকারি কলেজে শিক্ষকতা করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি একদিন বাবা-মায়ের কষ্টের দিনগুলো বদলে দিতে চায়।
আয়েশা আক্তার তোয়া বলেন, আমরা দুই বোন একই দিনে জন্মেছি। ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করছি। একই স্কুল ও কলেজে পড়েছি। এসএসসি ও এইচএসসি, দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছি। আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। দুই বোন একই শ্রেণিতে পড়ায় একটি বই দিয়েই দুজনকে পড়াশোনা করতে হয়েছে। অনেক সময় নানা সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা হাল ছাড়িনি। স্কুল ও কলেজের শিক্ষকেরা সব সময় আমাদের সহযোগিতা করেছেন। এখন আমাদের ইচ্ছা, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে দুজন একসঙ্গে পড়াশোনা করা। সুযোগ পেলে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই।
খাদিজা আক্তার তানহা বলেন, আমাদের দুজনের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া। সরকারি কোনো কলেজে শিক্ষকতা করতে চাই। অনেক কষ্ট করে বাবা-মা আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের অনেক ত্যাগ রয়েছে আমাদের জন্য। আমরা চাই, একদিন তাদের মুখে হাসি ফোটাতে। নিজেদের প্রতিষ্ঠিত করে বাবা-মায়ের পাশে দাঁড়াতে চাই। তবে আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা নিয়ে কিছুটা চিন্তা হচ্ছে।
দুই মেয়ের এমন সাফল্যে মা সালমা বেগমের চোখেমুখে আনন্দের ঝিলিক। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না ভবিষ্যতের চিন্তায়। গৃহিণী এই মা বলেন, আমার দুই মেয়ে সব সময় মিলেমিশে পড়াশোনা করে। প্রতিটি শ্রেণিতেই ভালো ফল করেছে। এইচএসসিতে দুজনই জিপিএ-৫ পাওয়ায় আমরা খুব খুশি। কিন্তু সংসারে ওদের বাবা ছাড়া আয়ের আর কেউ নেই। প্রতিদিন যা আয় হয়, তা দিয়ে তিনবেলা খাবারের খরচ চালাতেই শেষ হয়ে যায়। রাজশাহীর বাইরে কোথাও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পাঠানোর সামর্থ্য আমাদের নেই। তাই ওরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছে। মেয়েদের অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণে কীভাবে খরচ জোগাব, জানি না। ওরা যেন পড়াশোনাটা শেষ করতে পারে, এটাই আমার চাওয়া।
বাবা তুফান আলী তখন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে তিনি বলেন, বাড়ির সামান্য ভিটা ছাড়া আমাদের কোনো জমিজমা নেই। রডমিস্ত্রির কাজ করে যা আয় করি, তা দিয়েই সংসার ও মেয়েদের পড়াশোনার খরচ চালাই। মেয়েরা ভালো ফল করেছে, এতে আমি অনেক খুশি। এখনো বাইরে কাজ করছি,ওদের ভবিষ্যতের কথা ভেবেই এত পরিশ্রম করি।আমার তিন মেয়ে আমার কাছে তিন রাজকন্যা।ওরা যেন ঠিকমতো পড়াশোনা শেষ করতে পারে, এটাই আমার চাওয়া। নিজের যত কষ্টই হোক, মেয়েদের স্বপ্ন পূরণ করতে চাই।
সরদহ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, তোয়া ও তানহা শিক্ষার্থী হিসেবে খুবই ভালো। তারা অত্যন্ত নম্র, ভদ্র, ধার্মিক ও বিনয়ী। ইচ্ছাশক্তি থাকলে আর্থিক সংকট যে পড়াশোনার পথে বাধা হতে পারে না, এই দুই বোন তার উদাহরণ। সরকারি পর্যায় থেকেও তাদের পাশে থাকা উচিত। আমরাও সহযোগিতার চেষ্টা করব। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে লক্ষ্যে পৌঁছাতে পারবে।
একটি বই ভাগাভাগি করে শুরু হয়েছিল দুই বোনের পথচলা। সেই বইয়ের পাতায় পাতায় জমেছে সংগ্রাম, পরিশ্রম আর ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন। এসএসসি ও এইচএসসিতে জোড়া জিপিএ-৫ অর্জন করে তারা প্রমাণ করেছে, অভাব মেধার পথ আটকে রাখতে পারে না। কিন্তু উচ্চশিক্ষার পরবর্তী ধাপ শুধু ইচ্ছাশক্তি দিয়ে পাড়ি দেওয়া সম্ভব নয় প্রয়োজন আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা।
তোয়া ও তানহার স্বপ্ন শুধু দুটি সনদ অর্জন নয়, একদিন বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে শিক্ষকতার মাধ্যমে সমাজে অবদান রাখা। যে বাবা রোদ-বৃষ্টি উপেক্ষা করে রডমিস্ত্রির কাজ করে মেয়েদের পড়াশোনার খরচ জোগান, যে মা সংসারের টানাপোড়েনের মধ্যেও দুই মেয়ের স্বপ্ন আগলে রাখেন, তাদের সেই ত্যাগের মর্যাদা দিতে চায় দুই বোন।
এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর। কোনো ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের বিত্তবান মানুষ কিংবা সরকারি-বেসরকারি সহায়তা সংস্থা এগিয়ে এলে হয়তো উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে। একটি দরিদ্র পরিবারের দুই মেধাবী মেয়ের স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়। একই দিনে পৃথিবীতে আসা দুই বোন যেন একদিন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এটাই তাদের পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা।