শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৪:১৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১৪:২০ পিএম
শেরপুরে মঙ্গলবার সদর উপজেলার ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত শতাধিক মানুষ আহত হয়ে সদর হাসপাতালে ভ্যাক্সিন নিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুরের সদরে পাগলা কুকুরের কামড়ে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন বেপরোয়া আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
মঙ্গলবার সদর
উপজেলার ভাতশালা ও লছমনপুর ইউনিয়নে কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা জানায়,
মঙ্গলবার ভোর থেকে হঠাৎ করেই একটি পাগলা কুকুর শহরের বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে
ছোটাছুটি শুরু করে। পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি সামনে যাকে পায় তাকেই কামড়
ও আঁচড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে ভাতশালা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিককে কামড়
দেয়।
হাসপাতালে
গিয়ে দেখা যায়, কুকুরের কামড় ও আঁচড়ে রক্তাক্ত হওয়া ক্ষতবিক্ষত রোগীদের ক্ষতস্থান সাবান-পানি
দিয়ে ধুয়ে দ্রুত জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হচ্ছিল। তবে জনবল সংকটের কারণে একজন সেবিকা
(নার্স) ভ্যাক্সিন দিচ্ছেন। এতে বিলম্ব হওয়ায় লাইনে আনসার সদস্যদের সঙ্গে হট্টগোল লেগে
যায়।
চিকিৎসা নিতে
আসা চার বছর বয়সি শিশুর স্বজন আব্দুল আলিম বলেন, আমার বাচ্চাকে ভোর ৬টায় কামড়িয়েছে।
৭টায় এখানে এসেছি। কিন্তু বেলা ১১টা পার হয়ে গেছে, তবুও ভ্যাক্সিন পাইনি। আর আনসার
সদস্যরা আমাদের বের করে দিচ্ছেন। একই অভিযোগ করেন রোকন নামের আরেক রোগীর স্বজন। তিনি
জানান, বাড়ির সামনে মেয়ে শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় হঠাৎ পেছন থেকে এসে কুকুরটি
পিঠে আঁছড় দেয়। সকাল ৮টায় এসেছি, এখন দুপুর ১২টা বাজে। তবুও ভ্যাক্সিন পাইনি। নার্স
বাইরে চলে গেল। প্রতিবাদ করলে আনসার সদস্যরা ঝগড়া করে। এভাবে একটা হাসপাতাল চলতে পারে
না।
লছমনপুরের
দড়িপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দর আলী বলেন, দ্রুত কুকুরটিকে চিহ্নিত করে আটক বা নিয়ন্ত্রণ
করা না গেলে গ্রামে লোকজনের চলাচল সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়বে। বিশেষ করে স্কুলগামী
বাচ্চা ও কৃষকদের।
হাসপাতালের
ভ্যাক্সিন কক্ষ থেকে দেওয়া তথ্যমতে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাগলা কুকুরের
কামড়ে আক্রান্ত ৫০ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে ভ্যাক্সিন দেওয়া
হচ্ছে।
শেরপুর ২৫০
শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাজ্জাদ হোসেন বলেন, সবাইকে সরকারের
দেওয়া ভ্যাক্সিন বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আমাদের জনবল সংকট। তাই লাইন একটু দীর্ঘ
হয়েছে। সেখানে আরও কয়েকজনকে ভ্যাক্সিন প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত
সময়েই সবাই ভ্যাক্সিন পাবে।