× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানাজা-দাফনে বাধার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও মানববন্ধন

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:১৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং গার্ড অব অনার প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলদেশ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং গার্ড অব অনার প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলদেশ

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার বেল ১১টায় বরগুনা জেলা প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বামনার বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মো. হাবিবুর রহমান, মো. আবু হানিফ, জাহাঙ্গীর আলম, মো. মজিবর শরীফ, নজির আহমেদ ও হারুন অর রশিদ শিকদারসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জীবন বাজি রেখে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, মৃত্যুর পর তাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া কিংবা রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি অসম্মান নয়, বরং দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর সন্তানদের আত্মত্যাগের প্রতিও অবমাননা।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পদ নন; তারা জাতির গর্ব ও স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবদান দল-মত-ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। তাই জীবদ্দশায় যথাযথ মূল্যায়নের পাশাপাশি মৃত্যুর পরও তাদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

পিরোজপুরের ঘটনার প্রসঙ্গ তুলে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ যেকোনো মহল থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা কিংবা রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। তবে ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এর পেছনে কারও পরিকল্পিত ভূমিকা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান তারা।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন কিংবা গার্ড অব অনার প্রদানে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভাপতির বক্তব্যে মো. ইউসুফ আলী মৃধা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্মান রক্ষা করা। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে অসম্মানজনক পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ক্ষোভ প্রশমিত হবে না।

মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বিঘ্ন ঘটানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা