নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২২:১৫ পিএম
কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খননকাজ শুরু করা হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়ায় দেশে ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে। কূপটি থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান বলেন, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নতুন এ গ্যাসের সন্ধানে দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ কেবল নয় নোয়াখালীর মানুষ এতে উচ্ছ্বসিত।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পাওয়া নোয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ আবিষ্কার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে এ গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীর শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আশা করি, দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় জনগণও যেন এ আবিষ্কারের সুফল পায়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।