নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২২:১২ পিএম
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জরুরি মুহূর্তে রক্তের ব্যবস্থা করতে পারছিলেন না স্বজনরা। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও রক্তের সন্ধান না পেয়ে যখন দিশেহারা তারা, এ অবস্থায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন হাসপাতালেরই এক চিকিৎসক। রোগীর রক্তের গ্রুপের সঙ্গে নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় রক্ত দিলেন তিনি।
মানবিক এ উদ্যোগ নিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। তার দেওয়া রক্তে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠছেন রোগী আঞ্জুরা বেগম (৪০)। সোমবার সামাজিক সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এরপর নেটিজেনরা ডা. মাহিদুল ইসলাম তুহিনের এ মানবিকতার ভূয়াসী প্রশংসা করেছেন।
রোগীর স্বামী মঞ্জু হাওলাদার বলেন, তার স্ত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন রক্তদাতার সঙ্গে যোগাযোগ করেও রবিবার সকাল পর্যন্ত রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়নি। রক্তশূন্যতায় স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন চিকিৎসক মাহিদুল ইসলাম তুহিন। নিজের রক্তের সঙ্গে রোগীর রক্তের ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় তিনি রক্ত দেন।
ডা. মাহিদুল ইসলাম তুহিন বলেন, নিজের রক্তের গ্রুপের সঙ্গে ওই রোগীর রক্তের গ্রুপ ও ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় রক্ত দেওয়া সম্ভব হয়েছে। উজিরপুরে জরুরি রক্তের সংকট মোকাবিলায় একটি সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের জন্য কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।