ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম
ফরিদপুর কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
গত রবিবার রাতে বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী; পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেলোয়ার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানক্ষেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত দেলোয়ার হোসেন বলেন, সে রাতে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ১০-১২ জনের একটি দল তাকে মুখ বেঁধে বিলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তারা দুই চোখ উঠিয়ে ফেলে।
তিনি অভিযোগ করে বলেন, ওয়াইফাইয়ের তার নিয়ে স্থানীয় শাহিন, সবুজদের সঙ্গে ঝামেলা হয়। গত মঙ্গলবার তারা আমাকে কুপিয়ে আহত করে, এ নিয়ে আদালতে মামলা করি। তারা মামলা প্রত্যাহার করতে বলে। আমি না নেওয়ায় রাতে সবুজ মল্লিক, শাহিন মল্লিক, মোস্তফা চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আমাকে মুখ বেঁধে বিলে নিয়ে নির্যাতনের পর চোখ তুলে ফেলে।
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাহারুল আলম বাদশা জানান, দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।