প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম
প্রতিকী ছবি
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ, এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, অটোভ্যান ও ইজিবাইকচালক, যাত্রী এবং পথচারী রয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামানন্দন গ্রামের নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার ছেলে কাইয়ুম দেওয়ান (৭৫)। সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন জানান, ট্রাকটি আটক রয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী কোচের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বালসাবাড়ী গ্রামের অটোভ্যানচালক হুমায়ন (৬৫) এবং হেমন্তবাড়ী গ্রামের সুজন (৩৫)। উল্লাপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, পালিয়ে যাওয়া কোচটি শনাক্তের চেষ্টা চলছে।
বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত রাফি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অন্যদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় এক পথচারী শিশু নিহত হয়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার ওপর ট্রাক তুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পৌর শহরের কুন্ডুপট্টি সড়কে এ ঘটনা ঘটে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির টিম কাজ করছে।
বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সাগর ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামের এক অটোভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার কামরাঙ্গার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল এবং আহত অটোভ্যানচালক আনোয়ার হোসেন (৪২) ও যাত্রী আব্দুল হামিদ (৪৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের বাসিন্দা।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন পীরগাছা থানায় ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে। শ্যামনগর থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তিনি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। বর্তমানে শ্যামপুরের ফরিদাবাদ এলাকার ৪৪২/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।