প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৩৮ পিএম
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে পাকাপোলের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
রংপুর : রংপুর নগরীর কাচারি বাজারে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনসার আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মহানগর আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব আব্দুস সাত্তার, সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তাদের অসম্মান ও লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
ঝালকাঠি : সোমবার সকালে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর। বক্তব্য দেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও সদস্য সচিব সত্যবান সেনগুপ্তসহ অন্যরা। বক্তারা ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন।
পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান, মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যরা। বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মেহেরপুর : মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনার সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা। বক্তারা জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নওগাঁ : শহরের মুক্তির মোড়ে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা কমান্ডার এসএম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালীউল ইসলাম, আফজাল হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ে বাধা দিয়ে তাদের মর্যাদাহানি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে পাকাপোলের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, একজন মৃত মানুষের জানাজা ও দাফনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করতে হবে।