নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:০০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২১:০৩ পিএম
নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
এ সময় তারা ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, সব আসামিকে গ্রেপ্তার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট, জেলা ইউনিট ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবার স্বজন হারায়নি, সাংবাদিকদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। আলিফ সীমান্ত এলাকার চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতেন। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য তুলে ধরার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন তারা। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলোÑ হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খায়রুল আলম রফিক ও পরিচালক মোহাম্মদ আলী আবির, সভাপতি আরিফুল ইসলাম, কার্যকরী সভাপতি সজীব রাজভর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া, সাংবাদিক মো. রফিকুল ইসলাম ও নিহত সাংবাদিক আলিফের বড় ভাই শহিদুল ইসলাম ফকির প্রমুখ।