গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:০০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২০:০১ পিএম
নুরুজ্জামান মিন্টু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুসহ তার স্বজন ও ঘনিষ্ঠজনদের সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
নিয়োগে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ এনে এসব নিয়োগ বাতিল এবং অনিয়মের তদন্ত দাবি করে স্থানীয় সার ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে। নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ডিও লেটার এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
আরও বলা হয়, ধারাবারিষা ইউনিয়নে এমপির বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এ ছাড়া এমপির বেসরকারি ব্যক্তিগত সহকারী যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব, আপন ভাগ্নের স্ত্রী এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও ব্যাংক সলভেন্সিসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু, শাহিন, আতিকুল ইসলাম, বাটুল, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল ও গোলাম হোসেন রসুল।
গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ বলেন, সার ডিলার নিয়োগে বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেনসহ এমপির বড় ছেলে হত্যা মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও তাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি, জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।