× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ফের মাটি কাটার উদ্যোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৫৫ পিএম

কিশোরগঞ্জ সদরে বৌলাই ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মেঘনা বিলে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সদরে বৌলাই ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মেঘনা বিলে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মেঘনা বিলে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি এবং মাছ চাষের জন্য দীর্ঘ মাটির বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের হস্তক্ষেপে আগের উদ্যোগ বন্ধ হলেও আবারও মাটি কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের আশঙ্কা, মেঘনা বিলে বাঁধ নির্মাণ করা হলে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে আশপাশের দামপাটুলি, ছাইই, মাগরুয়া, দারিছুরা বিলসহ পাঁচটি বিলের পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। তলিয়ে যেতে পারে আমন-বোরো ধানসহ বিভিন্ন ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েক হাজার মানুষের কৃষিনির্ভর জীবন-জীবিকা। এ অবস্থায় কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

কৃষক নাফিউল হাসান বলেন, মেঘনা বিলের প্রায় ১০০ একর জমিতে এলাকার মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। সাদ্দাম হোসেন জমি লিজ নিয়ে মাছের ঘের করার উদ্যোগ নিয়েছেন। আগে প্রশাসনের হস্তক্ষেপে মাটি কাটার কার্যক্রম বন্ধ হলেও এখন আবার বাঁধ নির্মাণের প্রস্তুতি চলছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে কৃষিজমি ও বাড়িঘরে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

কৃষক সিরাজ মিয়া বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে আমন ও বোরো ধান চাষ করে জীবিকা নির্বাহ করছে। তার নিজেরও ৩০ শতাংশ জমি রয়েছে। এসব জমিতে মাছের ঘের করা হলে তাদের জীবন-জীবিকা হুমকিতে পড়বে। তাই কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান তিনি।

স্থানীয় বাসিন্দা আলাল হোসেন বলেন, মেঘনা বিল আশপাশের কয়েকটি এলাকার কৃষিকাজ ও পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে বাঁধ নির্মাণ করা হলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে বর্ষায় ফসলি জমি ও বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমি ফিশারি করছি। এ জন্য কার কাছ থেকে অনুমতি নিতে হবে? যার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন, তার কাছ থেকেই অনুমতি নিয়েছি। আর কৃষকরা অভিযোগ করলেই কি আপনাদের দৌড়ে চলে আসতে হবে?’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ বলেন, ‘আগেও মাটি কাটার উদ্যোগ নেওয়ার অভিযোগ পেয়ে প্রশাসনের মাধ্যমে তা বন্ধ করা হয়েছিল। সম্প্রতি আবারও মাটি কাটার উদ্যোগের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে পাঠিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটা বা শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। অভিযোগের পর ইউএনওর হস্তক্ষেপে ভূমির শ্রেণি পরিবর্তনসংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয় বলে জানান অভিযোগকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা