ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষ নিরসনে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা এলেও বেতন কাঠামো নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।
এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মাঠে নামেন। আন্দোলনের প্রভাবে দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষ ও হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা মোড়সহ কোনাবাড়ী, মৌচাক এবং আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিকদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

দুপুরের দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর এবং একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকাতেও যানবাহন ভাঙচুর করা হয়। মহানগরীর দেশীপাড়ায় ফ্রেন্ডস নিটওয়্যার লিমিটেড কারখানায়ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
সাংবাদিকদের ওপর হামলা
সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। নাওজোর এলাকায় সময় টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মেহেদী হাসান ও তার চিত্র সাংবাদিক, এসএ টিভির চিত্র সাংবাদিক রেজা ইসলাম এবং এখন টিভির সাংবাদিক ইফতেখার রায়হান আহত হন। এ সময় সময় টেলিভিশনের ক্যামেরা ভাঙচুরের অভিযোগও রয়েছে।
এর আগের দিন চন্দ্রায় বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ কয়েকজন সাংবাদিক হামলা ও শারীরিক নির্যাতনের শিকার হন। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
মজুরি বোর্ড গঠনের পরও কেন বিক্ষোভ
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের আয় সেই অনুপাতে বাড়েনি। এ কারণে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং কালোতালিকাভুক্তি বন্ধের দাবিও জানাচ্ছেন তারা।
শ্রমিক অসন্তোষ নিরসনে রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। পাশাপাশি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। তবে নতুন বেতন কাঠামো কত হবে এবং কবে কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় পরদিনও বিক্ষোভ অব্যাহত থাকে।
শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে ঝুঁকি এড়াতে দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে।
সহিংসতায় তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার সন্দেহ
আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পেছনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন শিল্পসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি।
সফিপুরের একটি পোশাক কারখানার কর্মকর্তা আনোয়ারুল কবিরের দাবি, শ্রমিকেরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও পরে কিছু শ্রমিকের মিছিলের সঙ্গে বাইরের লোকজন যুক্ত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ও শিল্প ফেডারেশনের সহসাধারণ সম্পাদক সফিউল আলমও মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেন।
তবে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আন্দোলন মূলত মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে হয়েছে। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।
তার ভাষ্য, নভেম্বরের প্রথম দিকে আন্দোলন হতে পারে- এমন তথ্য পুলিশের কাছে আগেই ছিল।
মোহাম্মদ খলিলুর রহমান জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্যের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।