× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্যবাহী নৌকাবাইচে লাখো মানুষের ঢল

মহম্মদপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে রবিবার বিকালে ব্রিজঘাট এলাকায় ঐতিহ্যবাহী মধুমতীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে রবিবার বিকালে ব্রিজঘাট এলাকায় ঐতিহ্যবাহী মধুমতীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে রবিবার বিকালে ব্রিজঘাট এলাকায় ঐতিহ্যবাহী মধুমতীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। বৈঠার ছন্দ, কাঁসার ঘণ্টার ধ্বনি আর মাঝি-মাল্লাদের ‘হেঁইও’ রবে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।

নৌকাবাইচ দেখতে মধুমতী নদীর তীরে লাখো দর্শনার্থী ভিড় করেন। এ যেন এক মিলনমেলায় পরিণত হয়।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর উদ্যোগে এবং মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে এ বর্ণাঢ্য নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নৌকাবাইচ উপলক্ষে দুই দিন আগে থেকেই মধুমতী নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবার, মিষ্টি, শিশুদের খেলনা ও বিভিন্ন তৈজষ সামগ্রীর দোকান বসে। মাগুরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা বয়সী মানুষ এ উৎসবে যোগ দেয়। দর্শনার্থীদের পদচারণে নদীর দুই পাড় পরিণত হয় জনসমুদ্রে।

বিকালে প্রতিযোগিতা শুরু হলে নদীর বুকে তৈরি হয় উৎসবের আমেজ। মাঝি-মাল্লাদের সমন্বিত বৈঠার টানে দ্রুতগতিতে এগিয়ে চলে রংবেরঙের নৌকাগুলো। এক নৌকাকে পেছনে ফেলে অন্য নৌকার এগিয়ে যাওয়ার দৃশ্য দর্শকদের উল্লাস ও করতালিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, অনেক দিন পর মহম্মদপুরবাসী এমন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নৌকাবাইচ উপভোগ করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম হোসেন প্রমুখ। 

আয়োজকদের প্রত্যাশা, মধুমতী নদীর বুকে এ আয়োজনের মধ্য দিয়ে বাংলার নদীকেন্দ্রিক লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। 

এবারের প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়।

কালাই গ্রুপে প্রথম স্থান অর্জন করে কালু ফকিরের (চাকুলিয়া) নৌকা। দ্বিতীয় হয় আতর মোল্লার (ঢুষরাইল) নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে আতিকের (হরেকৃষ্ণপুর) নৌকা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের জন্য ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের জন্য ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য ১৫ হাজার টাকা করে পুরস্কার নির্ধারণ করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং এ মেলা প্রতিবছর নিয়মিত আয়োজনের ঘোষণা দেন। এতে স্থানীয়দের মধ্যে ঐতিহ্যবাহী এ আয়োজন অব্যাহত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা