আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুইপ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের চেষ্টায় কলেজটিকে এ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কলেজের শিক্ষা ও আবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাডেমিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠবে।
সোমবার হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হুইপ জি কে গউছ এ ঘোষণা দেন।
হুইপ জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের ৩০টি সরকারি কলেজকে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি সেই প্রকল্পে বৃন্দাবন সরকারি কলেজকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। এর ফলে হবিগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।
প্রকল্পের ব্যয়ের বিবরণ তুলে ধরে তিনি জানান, এর আওতায় ৪৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১০ তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবন, ৩৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ছাত্রাবাস এবং ৪০ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। ২৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম।
শিক্ষকদের আবাসন সংকট নিরসনে ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা শিক্ষক কোয়ার্টার এবং ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা শিক্ষিকা কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি বিভিন্ন ভবনের আসবাবপত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের আসবাবপত্রের জন্য ৩০ লাখ টাকা, ছাত্রাবাসের জন্য ৩৯ লাখ টাকা এবং অডিটরিয়ামের আসবাবপত্রের জন্য ১ কোটি ১ লাখ টাকা ব্যয় করা হবে।
প্রকল্পের আওতায় ভবনগুলোতে লিফট স্থাপনে ২৫ কোটি টাকা, কলেজের জেনারেটরের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা এবং বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃন্দাবন সরকারি কলেজে শিক্ষার্থীদের আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি পাঠদান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা তৈরি হওয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ হবে।
হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বৃন্দাবন সরকারি কলেজ নয়, পুরো জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রেই একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।