এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে চসিক প্রশাসক ডা. শাহদাত হোসেন।
শিক্ষার্থীদের সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা ও সামাজিক দায়িত্ববোধ সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তার প্রতিও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
নগরীর আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে সোমবার ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, অনুষ্ঠানস্থলের পাশেই ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বিশেষ করে মইজ্জ্যারটেক এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই রাস্তা পারাপারে শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনে কথা বলা কিংবা ভিডিও দেখতে দেখতে রাস্তা পার হওয়া দুর্ঘটনার অন্যতম কারণ। চালকদেরও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা যে সাহস ও দায়িত্ববোধ দেখিয়েছে, তা সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধেও কাজে লাগাতে হবে। ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে আইনসম্মতভাবে প্রতিবাদ করতে হবে।
নগরীর সড়ক নিরাপত্তা বাড়াতে প্রায় ২৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এর দুটি আগামী এক মাসের মধ্যে চালু হতে পারে। ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগের মধ্যে ২১টির কাজ চলমান, বাকিগুলো সম্পন্ন হয়েছে। জেব্রা ক্রসিং ও রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী।
এ সময় চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার ওসি নুর মোহাম্মদ, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল রহমান এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।