চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম
গ্রেপ্তারকৃত তিন তরুণ ফরহাদ হোসেন মাফি, মামুনুর রশিদ ও মোহাম্মদ রিফাত।
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পূর্ব নলুয়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরহাদ হোসেন মাফি (১৯), মামুনুর রশিদ (২০) ও মোহাম্মদ রিফাত (১৬)। তারা সবাই নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুস্তম পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে একদল ব্যক্তি সাতকানিয়া থানা পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে এবং কর্তব্যরত কনস্টেবলের শটগান ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাই হওয়া শটগান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।