দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:১৭ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৯:১৯ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তার উদ্যোগে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড হাসপাতালে চাকরিতে যোগ দিয়েছেন খাদিজা।
স্বামীকে হারিয়ে দুই সন্তান ও পরিবারের দায়িত্ব নিয়ে কঠিন সময় পার করছিলেন খাদিজা। এমন পরিস্থিতিতে চাকরির ব্যবস্থা করে তার পাশে দাঁড়িয়েছেন ডেপুটি স্পিকার। এতে নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন তিনি।
খাদিজা আক্তার বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমি কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।”
এর আগে ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তার মৃত্যুর পর শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে স্ত্রী খাদিজার কর্মসংস্থানের ব্যবস্থা করেন ডেপুটি স্পিকার।