নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম
ফাইল ছবি
নওগাঁয় এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬৫ শতাংশের বেশি হলেও ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এসব প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্যের ঘটনায় শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের পাশাপাশি শিক্ষাবিদরা বলছেন, এ ফলাফলের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় নওগাঁ জেলার মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৪৮৪ জন। তিনটি ধারার পরীক্ষায় অংশ নেয় জেলার ৩৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সাধারণ এইচএসসি শাখায় ২৫৯টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ভোকেশনাল শাখায় ২৪টি এবং আলিম শাখায় ৪৯টি মাদ্রাসা রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ এইচএসসি শাখায় ১৬ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮৯৬ জন। এ শাখায় পাসের হার ৬৫ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। এইচএসসি (ভোকেশনাল) শাখায় ১ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৬২ জন। এ শাখায় পাসের হার ৫৩ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। আলিম পরীক্ষায় ২ হাজার ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫২৬ জন। এ শাখায় পাসের হার ৬৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নওগাঁর বিভিন্ন উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো- রামচন্দ্রপুর বাহালুল উলুম আলিম মাদ্রাসা, মহাদেবপুর, আরিফ মেমোরিয়াল কলেজ, মহাদেবপুর, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) আলিম মাদ্রাসা, পোরশা, রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়, নিয়ামতপুর, সাঁওতাল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, নিয়ামতপুর, বড়থল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাণীনগর, শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধামইরহাট, পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ, পত্নীতলা, মান্দা শ্যাম চাঁদের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা, ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ, মান্দা, এবং সোনাডাঙ্গা মহিলা বি.এম. অ্যান্ড টেকনিক্যাল কলেজ, আত্রাই।
ফলাফল বিপর্যয় বিষয়ে নওগাঁ শহরের খলিফাপাড়া মহল্লার বাসিন্দা জাহিদুল হক বলেন, আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হবে, তা আমরা কল্পনাও করিনি। সন্তানের এমন ফলাফলে পুরো পরিবার ভেঙে পড়েছে। শুনেছি, সরকার এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেবে। অন্তত এতে সন্তানের একটি বছর নষ্ট হওয়ার আশঙ্কা কমবে। এখন মেয়েকে নতুন করে প্রস্তুত করার চেষ্টা করছি।
শহরের উকিলপাড়া এলাকার আরেক পরীক্ষার্থীর বাবা জুলফিকার হোসেন বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে তুলনামূলক কঠোরতা ছিল বলে মনে হয়েছে। তবে পড়াশোনায় পর্যাপ্ত মনোযোগ ও পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি থাকায় অনেক শিক্ষার্থীর ফল আশানুরূপ হয়নি।
নওগাঁর মান্দা উপজেলার চকউলি ডিগ্রি কলেজের প্রভাষক বেলাল হোসাইন বলেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার তুলনায় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি বেশি লক্ষ্য করা গেছে। ফলে প্রত্যাশিত মানের প্রস্তুতি নিতে না পারায় পরীক্ষার ফলাফলেও এর প্রতিফলন ঘটেছে।
নওগাঁর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পাসের ফলাফল তাই কেবল একটি পরীক্ষার পরিসংখ্যান নয়বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা অত্যন্ত দুঃখজনক। কোনো প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠদানের মান, শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা খতিয়ে দেখা প্রয়োজন।