গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৪৬ পিএম
নাওজোড় এলাকায় ফ্লাইওভারের উপরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হলেও নির্দিষ্ট বেতন কাঠামোর ঘোষণা না আসায় আবারও মহাসড়কে নামেন শ্রমিকরা।
অবরোধের পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও উত্তেজনার পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার গাজীপুর মহানগরীর বাইপাসে সকাল থেকেই পুলিশ-বিজিবির সদস্য মোতায়ন করা হয়। দুপুরে বাইপাসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীরা বেলা ২টার দিকে নাওজোড় এলাকায় ফ্লাইওভারের উপরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় সাংবাদিকদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় অর্ধশতাধিক যানবাহনের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এ সময় দু-একটি দোকানেও হামলার ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সকাল ৮টা থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি শিল্প পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা পুলিশের সদস্যরা মাঠে রয়েছেন। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং দুপুরের পর থেকে যান চলাচল শুরু হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ ও যৌথ বাহিনী কাজ করছে।