× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি

২৪ শিক্ষক, সাত পরীক্ষার্থী: পাস করেননি একজনও

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৩:০৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৫০ পিএম

কদমতলা জর্জ হাই স্কুল অ্যন্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কদমতলা জর্জ হাই স্কুল অ্যন্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো নাজিরপুরের দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। দুটি প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ২৪ জন। অথচ কলেজ শাখায় পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র সাতজন শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটির কলেজ শাখায় শিক্ষার্থীসংখ্যা কম, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট এবং এমপিওভুক্ত না হওয়ার বিষয়গুলোকে ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকেরা।

জানা গেছে, নাজিরপুর উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কলেজ শাখা ২০১৪ সালে পাঠদানের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৩৯ জন অংশ নিয়ে পাস করেন ১৮ জন। ২০২৪ সালে ২৭ জনের মধ্যে পাস করেন ১৩ জন। ২০২৫ সালে ১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন মাত্র পাঁচজন। আর ২০২৬ সালে মানবিক বিভাগ থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি কেউ।

প্রতিষ্ঠানটির কলেজ শাখায় শিক্ষক রয়েছেন আটজন এবং কর্মচারী দুজন। দীর্ঘদিন ধরে কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অবস্থাও হতাশাজনক। ২০২৩ সালে পাঠদানের অনুমতি পাওয়ার পর প্রতিষ্ঠানটি থেকে ওই বছর ১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ছয়জন। ২০২৪ সালে সাতজনের মধ্যে পাস করেন তিনজন এবং ২০২৫ সালে সাতজনের মধ্যে পাস করেন চারজন। চলতি বছর তিনজন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেন দুজন। তাদের কেউই পাস করতে পারেননি।

কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তবে প্রতিষ্ঠানটির স্কুল শাখার ফলাফল তুলনামূলক ভালো। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ৮৪ জনের মধ্যে পাস করেন ৭৫ জন। ২০২৪ সালে ৭৫ জনের মধ্যে ৬৯ জন, ২০২৫ সালে ৭০ জনের মধ্যে ৪৮ জন এবং ২০২৬ সালে ৫০ জনের মধ্যে ৪৫ জন পাস করেন। চলতি বছর স্কুল শাখায় পাসের হার ৯০ শতাংশ। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৬ জন এবং কর্মচারী দুজন।

কদমতলা এলাকার শিক্ষার্থীর অভিভাবক মো. সাইদুল ইসলাম বলেন, “গত বছর কলেজটিতে নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। গত বছর যে দুজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল, তারাই এ বছর আবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। কলেজটি এমপিওভুক্ত হলে স্থানীয় শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হবে। এতে ফলাফলও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে”।

আরেক অভিভাবক সুমি আক্তার বলেন, “প্রতিষ্ঠানটির স্কুল শাখার পাশাপাশি কলেজ শাখার ফলাফলও ভালো হওয়ার কথা। তবে জানতে পেরেছি, গত বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তারাই এবার আবার পরীক্ষা দিয়ে ফেল করেছে”।

স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহ ও সুলতানা জেসমিন মাহিনুর বলেন, তারা নিজেরাও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। স্কুল শাখার ফলাফল বরাবরই ভালো। ২০২৩ সালে কলেজ শাখা চালু হলেও এমপিওভুক্ত না হওয়ায় এসএসসি পাস করা শিক্ষার্থীরা অন্য কলেজে ভর্তি হচ্ছে। কলেজটি এমপিওভুক্ত হলে স্থানীয় শিক্ষার্থীরা এখানেই উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এতে দূরের প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন হবে না।

দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “২০১৪ সালে পাঠদানের অনুমতি পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। বিগত বছরগুলোতে ফলাফল মোটামুটি সন্তোষজনক ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। ফলে তাঁরা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন”।

তিনি আরও বলেন, “নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে প্রতিবছর শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে ভর্তি করানো হয়। নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা বাড়ি থেকে কলেজে আসার কথা বলে বের হলেও অনেকেই ক্লাসে আসে না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ছে”।

তার ভাষ্য, যেদিন তিনি কথা বলেন, সেদিন ছয়জন শিক্ষক উপস্থিত থাকলেও একজন শিক্ষার্থীও কলেজে আসেনি।

কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, “বিদ্যালয় শাখার ফলাফল ভালো হলেও কলেজ শাখায় এ বছর নতুন কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ফলে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। কলেজ শাখার উন্নয়নে এমপিওভুক্তি জরুরি”।

তিনি বলেন, “গ্রাম পর্যায়ের এ শিক্ষাপ্রতিষ্ঠানে কলেজ শাখার জন্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নেই। বিদ্যালয় শাখার শিক্ষকদের দিয়েই কলেজের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কলেজটি এমপিওভুক্ত হলে প্রয়োজনীয় বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানেই উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবে”।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল জেলা। তবে শীর্ষে থেকেও পিরোজপুরে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। গত দুই বছরে জেলাটিতে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারই জেলার সর্বনিম্ন পাসের হার।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৯৮ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৪৯৬ জন। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৪ দশমিক ০৭ শতাংশে। সর্বশেষ ২০২৬ সালে পাসের হার আরও কমে হয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ।

এ বিষয়ে বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে জেলাভিত্তিক সভা করা হবে। শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই নন-এমপিওভুক্ত। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। তবে নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোও চেষ্টা চালিয়ে যাচ্ছে”।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা