চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২৩:০৪ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।
কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন, বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। গতকাল রবিবার নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ৫ নভেম্বরের শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সভায় এরশাদ উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। শহীদ জিয়ার দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও কর্মসূচি সফল করতে নগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, শ্রমিক দল নেতা নুরুন্নাবাহার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, মহানগর তাঁতী দলের সভাপতি সেলিম হাফেজ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদ, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী প্রমুখ।