× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ-অগ্নিসংযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:০৯ পিএম

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায়  'ট্রপিক্যাল গার্মেন্টস লিমিটেড'-এর মূল ফটকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় 'ট্রপিক্যাল গার্মেন্টস লিমিটেড'-এর মূল ফটকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিত্যপণ্যের দাম, ঘরভাড়া ও অন্যান্য খরচ বৃদ্ধির কারণে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। রবিবার সকালে শুরু হওয়া এই আন্দোলনের জেরে সড়ক অবরোধ, সংঘর্ষ ও গণপরিবহন বন্ধের পাশাপাশি পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার মিরপুর ও গাজীপুর।

এছাড়াও শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কোনাবাড়ী, হেমায়েতপুর, আশুলিয়া ও চন্দ্রায়। রবিবার সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন, প্রজ্ঞাপন প্রকাশের পরও থামেনি শ্রমিক আন্দোলন। এ পরিপ্রেক্ষিতে সাভার ও গাজীপুরের ২০৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনে ইন্ধন জোগানোর অভিযোগে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৯ জনসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঢাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীসহ ২৯ জন গ্রেপ্তার হয়েছে। 

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি ও সাভারের আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং সরকারের উদ্যোগের পরও আন্দোলন না থামায় প্রশ্ন উঠেছেÑ কেন কাটছে না শ্রমিক অসন্তোষ?

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষ : রাজধানীর মিরপুর ১, ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সকাল ৮টার দিকে মিরপুর ১ ও আশপাশের এলাকা থেকে শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। পরে সকাল ৯টার দিকে মিরপুর ১০ গোলচত্বরে অবস্থান নেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদেরও ধাওয়া দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সংঘর্ষের কারণে মিরপুর ১০, মিরপুর ১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়। এর ফলে হাজার হাজার মেট্রোযাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দুপুর ১২টার দিকে এসব স্টেশনে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেল পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ। 

কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন, সংঘর্ষ : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা পুলিশের ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়। আগুনে বক্সটির আসবাব পুড়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম বলেন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়।

চন্দ্রায় কারখানার গুদাম ও পিকআপ ভ্যানে আগুন : বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। পরে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিকদের অবরোধে তাদের গাড়ি আটকে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, চন্দ্রায় পৌঁছার পর অবরোধের কারণে সামনে এগোতে পারিনি। পরে ঘটনাস্থলে যাওয়ার পথেও বাধার মুখে পড়ি। পরে বিজিবির পাহারায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়।

আশুলিয়া-হেমায়েতপুরেও বিক্ষোভ, হামলা-ভাঙচুর : সাভারের আশুলিয়ায় সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন। পরে তারা বেরিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন। নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএজ গ্রুপের একটি কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতিতে অংশ নেন। প্রায় ২ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুরের দিকে নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের মুখে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা ৩টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেন। এ সময় একেএইচ কারখানার প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মিরপুরে ২৯ জন গ্রেপ্তার :  শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মিরপুর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রবিবার দুপুরে ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। পুলিশের দাবি, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে তারা নাশকতার চেষ্টা করছিল।

গাজীপুরে ২০ জন গ্রেপ্তার : শিল্প পুলিশ-২ গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, উস্কানি দেওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেনÑ কার্যক্রম আওয়ামী লীগের কালিয়াকৈর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ ও মিজানুর রহমান।

গাজীপুর-সাভারে ২০৭ কারখানায় ছুটি : গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সাভারের আশুলিয়ায়ও ১৭৭ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারখানা কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নেয়। বিভিন্ন শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ভোগান্তিতে মানুষ : সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর, চন্দ্রা, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, পণ্যবাহী কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্স। কোনাবাড়ী এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা যায়।

কালিয়াকৈরের মৌচাক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন অটোরিকশা দুর্ঘটনায় কোমর ও মাথায় আঘাত পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পথে আটকে যায়। জয়নালের ভাগনে আবদুল লতিফ বলেন, দাবি থাকলে মালিক বা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত। সড়ক আটকে সাধারণ মানুষকে হয়রানি করলে দাবি পূরণ হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে ব্যারিকেড অপসারণ করা হয়। 

এদিকে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। গাজীপুর অংশে যানজটের কারণে টাঙ্গাইলের হাইওয়েতে গাড়ির চাপ কমেছে। টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্য দিনগুলোর চেয়ে গাড়ির সংখ্যা কম ছিল।

মজুরি বোর্ড গঠন, প্রজ্ঞাপন প্রকাশ : শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মধ্যে রবিবার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও প্রকাশ করেছে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

এ ছাড়া গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডের কাজ হবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পর্যালোচনা করে সুপারিশ করা।

এর আগে শুক্রবার শ্রমভবনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিকনেতাদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আলোচনা এবং আন্দোলন থেকে কাজে ফেরার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। শনিবার থেকে শ্রমিকরা কাজে ফিরবেন বলেও প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এরপরও শনি ও রবিবার বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত থাকে, কোথাও তা সহিংসতায় রূপ নেয়।

সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন, প্রজ্ঞাপন প্রকাশ ও শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও শ্রমিকদের মূল দাবিÑ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাÑ এখনও পূরণ হয়নি। বোর্ডের সুপারিশ কবে আসবে, নতুন মজুরি কত হবে এবং তা কবে কার্যকর হবে, সে বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। ফলে বোর্ড গঠনের ঘোষণাকে শ্রমিকরা কতটা আশ্বাস হিসেবে নিচ্ছেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

শিল্প বাঁচলে শুধু মালিক নয়, দেশও বাঁচবেÑ জামায়াত আমির : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়াজনিত কারণে তৈরি পোশাক খাত সত্যিই এক কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

পোস্টে তিনি আরও লেখেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্পোদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তিÑ দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে। 

[তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল; বিএম সাঈদ, কালিয়াকৈর (গাজীপুর); তানভীর আহমেদ, গাজীপুর; জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর; আব্দুল্লাহ আল নোমান, আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক]

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা